

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া হাইওয়ে তেল পাম্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত শিশু সৌভিক সাহা (৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সৌভিক সাহা ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার ছেলে। দুর্ঘটনায় তার মা বৃষ্টি সাহাও নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে আঘাত করলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও শিশু সৌভিক সাহা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সৌভিক মারা যায়।
এর আগে একই দুর্ঘটনায় নিহত হন ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।