

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে সংসদ সদস্যের গঠিত ইউনিয়নভিত্তিক উন্নয়ন কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত যুবদল নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার বাদী আমিনুর রহমান আমিন।
শুক্রবার (১৫ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ঝুঁকি নিয়ে কাজ করার পরও তাকে কমিটিতে অন্তর্ভুক্ত না করায় তিনি বিস্মিত ও হতাশ। তিনি এ বিষয়ে ব্যাখ্যা দাবি করে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।
লাইভ বক্তব্যে আমিনুর রহমান আমিন বলেন, দুঃসময়ে রাজনৈতিক মামলায় অগ্রণী ভূমিকা রাখলেও উন্নয়ন কমিটিতে তার নাম রাখা হয়নি। একইসঙ্গে তিনি দাবি করেন, কমিটিতে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলেও তাকে বাদ দেওয়া হয়েছে।
জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে সংসদ সদস্যের নির্দেশনায় ২০ সদস্যের একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এসব কমিটির মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও বরাদ্দ সংক্রান্ত আলোচনা করা হবে বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, কমিটি গঠনের পর থেকে এলাকায় বিভিন্ন মতামত ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এতে দলীয় ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে ধর্মঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ মাস্টার বলেন, “আমি কমিটিতে আছি, তবে কারা থাকবে বা থাকবে না—এটি সাংগঠনিক সিদ্ধান্ত।”
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় রাজনৈতিক নেতা মন্তব্য করেন, রাজনৈতিক কর্মকাণ্ড ও মামলা-মোকদ্দমার প্রেক্ষাপটে অনেক সময় প্রত্যাশিত মূল্যায়ন না-ও পাওয়া যেতে পারে।
স্থানীয়দের মতে, এটি একটি অস্থায়ী উন্নয়ন কাঠামো, যা প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন করা সম্ভব।