শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করার ঘোষণা মন্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আগামী জাতীয় বাজেটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ।

শুক্রবার (১৫ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ–এ আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শতবর্ষী প্রতিষ্ঠান হিসেবে ভিক্টোরিয়া কলেজের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই কলেজের জিয়া অডিটোরিয়ামের নাম পর্যন্ত একসময় মুছে দেওয়া হয়েছিল। অথচ ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজকে একটি বাস উপহার দিয়েছিলেন। সেটি এখনো ভিক্টোরিয়ার বাস হিসেবেই রয়েছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করব, যেন কলেজটিতে আরও বাস দেওয়া যায়।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। তাঁর ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং হাসপাতালের উন্নয়নে ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তাঁরা আশাবাদী। অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, কুমিল্লা কৃষিনির্ভর অঞ্চল হওয়ায় এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রয়েছে। এ ছাড়া তিন মাসের মধ্যেই কুমিল্লার জন্য উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস করা হয়েছে এবং ওয়াসা গঠনের প্রক্রিয়াও চলছে। ‘এসব কার্যক্রম বাস্তবায়িত হলে পরিকল্পিতভাবে মহানগর এলাকার উন্নয়ন করা সম্ভব হবে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন