

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর বাউফল উপজেলায় সাপের কামড়ে মো. ফাইজুল (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজুল উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের হাওলাদার বাড়ির ফরিদ হাওলাদারের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির উঠানের একটি পেয়ারা গাছে ওঠে ফাইজুল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। কামড় খেয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে সে তার মাকে জানায়, তাকে কামড় দিয়েছে। তবে কিসে কামড়েছে তা বলতে পারেনি।
প্রথমদিকে পরিবারের সদস্যরা ধারণা করেন, হয়তো কোনো পোকামাকড় কামড়েছে। বিষয়টি গুরুত্ব না দেওয়ায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি। তবে কিছু সময়ের মধ্যেই ফাইজুলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে সে অস্বাভাবিক আচরণ শুরু করলে স্বজনরা দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইরফান উদ্দিন বলেন, প্রাথমিক চিকিৎসা শুরু করার সময়ই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপের বিষক্রিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় শিক্ষক রেজাউল করীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুরুতেই সাপের কামড় শনাক্ত করা গেলে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব হতো।