মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​শিবচরে প্রশাসনের বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এক বিশেষ সাঁড়াশি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর কামারকান্দী ও নিলখী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলো— আলম তাজ (৩৮), মিলন ভূইয়া (৪২), সাহিন শেখ (২২) এবং হাফিজুল ইসলাম (২৬)। তল্লাশিকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ৬ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইয়াবা ও অন্যান্য মাদক রাখার দায়ে চারজনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাদক সেবন ও পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে আরও কয়েকজনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও সরঞ্জামাদি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়ে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান জানান, আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এলাকাবাসী ও পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান সফল হয়েছে। তিনি আরও বলেন, “শিবচরকে মাদকমুক্ত করতে প্রতিটি ইউনিয়নে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন