

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন সদর উপজেলার বাঁশচড়া গ্রামের মুক্তা মিয়ার ছেলে। নিহতের মরদেহ নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নান্দিনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদকসেবী দৌড়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন মাঝ নদীতে তলিয়ে যান।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে নদী থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, “নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ফায়ার সার্ভিস উদ্ধার শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”