বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় বজ্রপাতে নারীসহ নিহত ২, বলেশ্বর নদীতে নিখোঁজ ১

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ এএম
ছবি এআই
expand
ছবি এআই

পিরোজপুরের মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির মধ্যে পৃথক বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ও বিকেলের দিকে উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের কৃষক মো. আবদুস সালামের স্ত্রী আয়েশা বেগম (৫০) ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে হাঁস আনতে যান। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময়ে উপজেলার সবুজনগর গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান স্বাধীন তালুকদার (২০) নামে এক যুবক। তিনি মঠবাড়িয়া সদর ইউনিয়নের কৃষক মো. মশিউর রহমানের ছেলে। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে রাতে মাঠ থেকে তার ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, উপজেলার জানখালী গ্রামের মো. নবী হোসেনের ছেলে হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরছিলেন। বজ্রপাতের ভয়াবহ শব্দে আতঙ্কিত হয়ে তিনি ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন