বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সেতেরা (৭০)
expand
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সেতেরা (৭০)

নরসিংদীর শিবপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সেতেরা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ২৯ এপ্রিল) উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

​অভিযুক্ত আতিকুর রহমান ওই গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে হাবিজের ছেলে। তিনি স্থানীয় একজন দোকানদার হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি আতিকুর রহমানের দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। এ সময় একা পেয়ে আতিকুর শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।

ভয় পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আতিকুর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার সাথে সাথেই শিবপুর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুর রহমানকে গ্রেফতার করে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ামাত্রই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

​বর্তমানে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন