শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিপুণ রায়ের হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ 

মাসুম পারভেজ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম
নিপুণ রায় চৌধুরী
expand
নিপুণ রায় চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারের তথ্য উঠে এসেছে।

এতে দেখা যায়, তাঁর নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না। এছাড়া তাঁর স্বামী অমিতাভ রায়ের নামেও রয়েছে আরও ১০০ ভরি গয়না।

তবে এসব স্বর্ণালংকারের কোনো আর্থিক মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, গয়নাগুলো উপহার হিসেবে পাওয়া এবং এসময়ে বাজার মূল্য অজানা।

হলফনামা অনুযায়ী, নিপুণ রায় পেশায় একজন আইনজীবী। বছরে তাঁর আয় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন। তাঁর স্বামী অমিতাভ রায় পেশায় ব্যবসায়ী।

অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, নিপুণ রায়ের নামে রয়েছে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত। তাঁর নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর নিজের নামে অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে, তাঁর স্বামীর নামে অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।

স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করা হয়েছে, যা ৮৫ লাখ ২০ হাজার টাকায় কেনা হলেও এর অবস্থান হলফনামায় উল্লেখ নেই।

এছাড়া নিপুণ রায়ের নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে। স্বামী-স্ত্রী মিলিয়ে তাঁদের কাছে নগদ অর্থ রয়েছে মোট ৭৬ লাখ টাকা। এর মধ্যে নিপুণ রায়ের নিজের নামে রয়েছে ১৩ লাখ ২৯ হাজার টাকা।

হলফনামায় উল্লেখিত এসব তথ্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন