বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ, সেই সেতু ভাঙার নির্দেশ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতু
expand
বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতু

বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতুর ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কাবারি ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন পরিদর্শনের পর সেতুর ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিম বাজার খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী।

এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঢালাইয়ের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কাবারি ব্যবহার করা হয়েছে। পরে সেতুর ঢালাই ভেঙে নতুন করে সরকারি নিয়ম মেনে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, ‘গণমাধ্যমে বিষয়টি নি‌য়ে সংবাদ প্রকাশের পর প্রকৌশলীকে সরেজমিন পাঠানো হয়। তিনি ফিরে এসে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দুশুমি-করিমবাজার খালের ওপর নির্মিত প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্থের এই ব্রিজটির ঢালাই পুরুত ৫ ইঞ্চি হলেও বাস্তবে প্রায় সাড়ে ৩ ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে।

এছাড়া নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি ৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৬ ইঞ্চি প্রস্থ পরপর রড দেওয়ার কথা থাকলেও সেখানে প্রায় ১ ফুট পরপর রড ব্যবহার করা হয়েছে। স্থানীয়রা জানায়, ঢালাইয়ের সময় তারা বাধা দিলে ইউপি সদস্য অতিরিক্ত কিছু রড ও সিমেন্ট এনে কাজ চালিয়ে যান। পরে ব্রিজের উত্তর প্রান্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই সম্পন্ন করা হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা জানান, খালটির দৈর্ঘ্য প্রায় ৫৫ ফুট হলেও ব্রিজের ঢালাই দেওয়া হয়েছে মাত্র ৪৫ ফুট। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন