বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কোনো দোষ নেই দাবি পরিবারের, তবুও এক মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে রুবেল সর্দার নামে এক দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধা বাড়ি সংলগ্ন নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কাজ শেষে রুবেল সর্দার নদীতে গোসল করতে যান। একই সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীর তীরে বাঁধা দুটি বালুবাহী বাল্কহেড থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে রুবেলকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রুবেল সর্দারের স্ত্রী সাবিনা বেগম বলেন, তার স্বামী বেড়িবাঁধ নির্মাণকাজে জিও ব্যাগে বালু ভরাটের শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি বাল্কহেড বা বালু ব্যবসার সঙ্গে জড়িত নন। “আমার স্বামী শুধু গোসল করতে গিয়েছিল। কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে ধরে নিয়ে সাজা দেওয়া হয়েছে। এখন ছোট ছোট সন্তান নিয়ে কীভাবে চলব?”—বলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই একজন নিরপরাধ দিনমজুরকে শাস্তি দেওয়া হয়েছে।

এলাকার ব্যবসায়ী অরুণ মাঝি বলেন, “রুবেল একজন সাধারণ শ্রমিক। বালু ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যায়ভাবে তাকে আটক করে সাজা দেওয়া হয়েছে।”

স্থানীয় আইয়ুব মিয়া জানান, বাল্কহেড দুটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তেল সংকটের কারণে সেগুলো সেখানে নোঙর করা ছিল। “কোনো কিছু না জিজ্ঞেস করেই আটক করে তাদের সাজা দেওয়া হয়,” বলেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, দণ্ড কার্যকর করা হয়েছে। স্বজনদের এডিএম কোর্টে আপিল করার পরামর্শ দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন