সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ জেলায় তেল পাঠাচ্ছে বাঘাবাড়ি ডিপো

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম
বাঘাবাড়ি ডিপো
expand
বাঘাবাড়ি ডিপো

উত্তরবঙ্গসহ দেশের ১৯টি জেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ অব্যাহত রাখতে ডিপো কর্তৃপক্ষ বাড়তি তেল ছাড় করছে বলে জানা গেছে।

সোমবার সকাল থেকেই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে ৩০২টি পেট্রোল পাম্পে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানির মাধ্যমে দিনভর প্রায় ২৭ লাখ ২৭ হাজার ৫শ লিটার তেল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিপোর ইনচার্জ আবুল ফজল মোহাম্মদ সাদেকিন।

তিনি বলেন, জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে। গতকাল রোববারের তুলনায় সোমবার প্রায় ৩০ হাজার লিটার বেশি তেল সরবরাহ করা হচ্ছে, যা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তবে কিছু এলাকায় চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম হওয়ায় পেট্রোল পাম্পগুলো চাপের মুখে পড়ছে। বিশেষ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কয়েকটি পাম্পে সাময়িকভাবে তেল সংকট দেখা দিয়েছে, ফলে অনেক গাড়িচালককে তেল না নিয়েই ফিরে যেতে হচ্ছে।

এতে চালকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেলেও দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। একইসঙ্গে, সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শহরের মিরপুর ফিলিং স্টেশন কর্মচারী জাকারিয়া ইসলাম জানান, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পেলে এই সাময়িক চাপ কেটে যাবে। তিনি দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন