শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী দেখতে চেয়ে শ্রমিকদল নেতার ফেসবুকে পোস্ট

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:১১ পিএম
বা পাশে ফেসবুকে দেওয়া পোস্ট এবং ডান পাশে শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু।
expand
বা পাশে ফেসবুকে দেওয়া পোস্ট এবং ডান পাশে শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরে আলম বেপারীকে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন।

ফেসবুকে পোস্টকৃত তথ্য অনুসন্ধানে দেখা গেছে, পোস্টটির সঙ্গে একটি ফটোকার্ড সংযুক্ত ছিল। এতে নুরে আলম বেপারীর ছবি ব্যবহার করে ২ নং কেদারপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু বলেন, এটি সম্পূর্ণ জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী কাজ। কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন বলেন, কোনো পদধারী নেতা এ ধরনের মন্তব্য বা ফেসবুক পোস্ট দিতে পারেন না। এটি সম্পূর্ণ সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা বলেন, একজন পদধারী জাতীয়তাবাদী নেতা কখনোই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট দিতে পারেন না। তারা দ্রুত এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন