বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মহাষ্টমী গঙ্গাস্নানে যমুনার তীরে পূর্ণার্থীদের ঢল

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম
টাঙ্গাইলে মহাষ্টমী গঙ্গাস্নানে যমুনার তীরে পূর্ণার্থীদের ঢল
expand
টাঙ্গাইলে মহাষ্টমী গঙ্গাস্নানে যমুনার তীরে পূর্ণার্থীদের ঢল

টাঙ্গাইলের ভূঞাপুরে মহাষ্টমী উপলক্ষে যমুনা নদীতে গঙ্গাস্নান করতে পূর্ণার্থীদের ঢল নেমেছে। ভোর হতেই দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত স্নানঘাটে এসে জড়ো হন।

উপজেলার গোবিন্দাসী খানুরবাড়ী এলাকার যমুনা নদীর তীরে এ উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্নানকে কেন্দ্র করে নদীর পাড়জুড়ে বসেছে খাদ্যসামগ্রীসহ নানা পণ্যের অস্থায়ী দোকান ও মেলা।

স্নান শেষে পূর্ণার্থীরা পাপমোচন, মনোবাঞ্ছা পূরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পুরোহিতদের মাধ্যমে পূজা-অর্চনা করেন। এ সময় তারা বেলপাতা, চিনি, লবণ ও কলাসহ বিভিন্ন পূজাসামগ্রী নদীতে অর্পণ করেন।

গঙ্গাস্নানে অংশ নেওয়া একাধিক পূর্ণার্থী জানান, মহাষ্টমীর এই দিনে স্নান করলে পাপমোচন হয় এবং মনের ইচ্ছা পূরণ হয় এমন বিশ্বাস থেকেই তারা প্রতি বছর এখানে আসেন। পাশাপাশি তারা বিশ্বশান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন।

পুরোহিতরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী প্রাচীনকাল থেকেই এই গঙ্গাস্নানের প্রচলন রয়েছে। এ দিনে স্নান ও পূজা করলে পুণ্য লাভ হয় বলে তারা মনে করেন।

অনুষ্ঠানকে ঘিরে আগত পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজক কমিটির সদস্য রতন হালদার বলেন, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।

এদিকে গঙ্গাস্নানে অংশ নিতে আসা ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন