বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:১৮ পিএম
অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।
expand
অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী। পুলিশ এঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে তার সঙ্গে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা প্রাচীর ভেঙ্গে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মার্চ) রাত ২টার দিকে তিনি মারা যান।

নিহত শহিদুল ইসলাম মোক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।

এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামে আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় পূর্বেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন