

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া সদর উপজেলায় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে প্রেমিকার সামনে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন (২২) তিনি লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ডাকাতিয়াপোল ইউনিয়নের চরলরেঞ্জ গ্রামের বাসিন্দা এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পাটিকাবাড়ী এলাকার স্বপ্না খাতুনের (২৭) সঙ্গে মারুফের পরিচয় হয়। দুই সন্তানের জননী স্বপ্নার সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দীর্ঘদিন ধরে মোবাইল ও অনলাইনে তাদের যোগাযোগ চলছিল। মঙ্গলবার বিকেলে স্বপ্নার সঙ্গে দেখা করতে মারুফ পাটিকাবাড়ী গ্রামে আসেন। এসময় পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে স্থানীয় একটি দোকান থেকে কীটনাশক কিনে স্বপ্নার সামনেই বিষপান করেন মারুফ। পরে গুরুতর অবস্থায় স্বপ্না খাতুন তাকে মিরপুর উপজেলার হালসা বাজারে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বপ্না খাতুন জানান, ‘দেড় মাস আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। তিনি মারুফকে সম্পর্ক থেকে সরে আসার জন্য অনুরোধ করেছিলেন এবং নিজের সংসার, স্বামী-সন্তানের কথা জানান। তবুও মারুফ তার কথা শোনেনি।’
ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বিষপানের তথ্য পাওয়া গেছে এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তার।’
নিহতের মা জান্নাতুল ফেরদৌস মুঠোফোনে জানান, তিনি কুষ্টিয়ায় এসে আইনগত ব্যবস্থা নেবেন এবং ছেলের মৃত্যুর বিচার দাবি করেন তিনি।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
মন্তব্য করুন