শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল।

দলের জয়ে জোড়া গোল করেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান সুলিভান। জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই দুটি গোল করে দারুণ অভিষেক উপহার দেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। যদিও শুরুর একাদশে ছিলেন শুধু রোনান, আর মাঠে নেমেই নিজের দক্ষতা ও শৈল্পিক ফুটবলে মুগ্ধ করেন তিনি।

মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ১০ মিনিটেই কর্নার আদায়সহ কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে পাকিস্তানও কিছুটা চাপ তৈরির চেষ্টা করলেও ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। টানা আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে তারা।

প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। রোনান সুলিভানের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

উল্লেখ্য, বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম অংশ নেয় ২০১৫ সালে এবং সেবার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়। এরপর অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার অংশ নিয়ে একবার চ্যাম্পিয়ন (২০২৪) ও চারবার রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank