সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম
দুর্ঘটনার শিকার বাস
expand
দুর্ঘটনার শিকার বাস

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে গভীর রাতে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১৫ জন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে তিনটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ত এই ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে এ ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়। এদের মধ্যে যশোর জেলার পাঁচজন রয়েছেন। তারা হলেন লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), সিরাজুল ইসলাম (৭০) এবং কোহিনূর বেগম (৫৫)।

এ ছাড়া নোয়াখালীর বাবুল চৌধুরী (৫৫) ও নজরুল ইসলাম রায়হান (৪৫), চাঁদপুরের তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহের জুহাদ বিশ্বাস (২৪), মাগুরার ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার সোহেল রানা (২৫) এবং লক্ষ্মীপুরের সাঈদা (৯) নিহতদের তালিকায় রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা গেটম্যান গেট নামাননি। ফলে রাস্তা ফাঁকা মনে করে বাসটি রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকাগামী একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিলে সেটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তবে ফায়ার সার্ভিস বলছে, বাসচালকের ভুলও এ দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

ঘটনার পর সংশ্লিষ্ট গেটম্যান পালিয়ে গেছেন। এ ঘটনায় দুই গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় ও জোনাল—দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন