মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের শেরওয়ানির বদলে কাফন গায়ে প্রকৌশলীর চির বিদায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম
জুলফিকার আলী-ফাইল ছবি
expand
জুলফিকার আলী-ফাইল ছবি

কাল সোমবারই ছিল বিয়ের দিনক্ষণ। বরের সাজে কনে আনতে যাওয়ার কথা ছিল জুলফিকার আলীর। কিন্তু গায়েহলুদ আর মেহেদির রঙের বদলে রক্তে রঞ্জিত হলো তার জীবন। বিয়ের মাত্র একদিন আগে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৩০ বছর বয়সি এই প্রকৌশলীর প্রাণ। বিয়ের শেরওয়ানির বদলে কাফন গায়ে চির বিদায় নিলেন প্রকৌশলী জুলফিকার আলী।

রোববার (২২ মার্চ) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বিয়ের আয়োজনকে ঘিরে বোন ও দুলাভাইকে আনতে নিজেই প্রাইভেটকার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ার উদ্দেশে রওনা হন জুলফিকার। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনের অংশের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান জুলফিকার। মুহূর্তেই একটি পরিবারের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
61'
1 - 0
38' Lionel Messi
World Cup