শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ বোনাসের কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:৫৯ এএম
ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ
expand
ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। পরে তার লাশ ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

শনিবার (২১ মার্চ) দুপুরে ওই যুবকের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ইরি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে, শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক।

নিহত সোহেল রানা (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২১ মার্চ) দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের মাঝামাঝি একটি ইরি ধানক্ষেত থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মা রুবি খাতুন অভিযোগ করেন, শুক্রবার রাতে তার ছেলের মোবাইল ফোনে বারবার কল আসে। তিনি ছেলেকে বাইরে যেতে বাধা দিলেও কিছুক্ষণ পর কয়েকজন যুবক বাড়িতে এসে ঈদ বোনাস দেওয়ার কথা বলে তাকে ডেকে নেয়।

পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সোহেল নিখোঁজ ছিলেন। শনিবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।

রুবি খাতুনের দাবি, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দেওয়ার কথা বলে তার ছেলেকে ডেকে নিয়ে যান এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেন, তার ভাই এ ঘটনার সঙ্গে জড়িত নয়, তাকে শত্রুতার জেরে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন