

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা ‘মিনি কক্সবাজার’ খ্যাত মোহনপুর পর্যটন কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেমেছে পর্যটকদের ঢল।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুর থেকেই দর্শনার্থীদের আগমন শুরু হয়, আর বিকেলের দিকে তা রূপ নেয় উপচে পড়া ভিড়ে।
ঈদের আনন্দকে ঘিরে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ সময় পর প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে পর্যটকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।
মেঘনার পাড়ে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রটির অন্যতম আকর্ষণ হলো মিঠা পানির বীচ, যা অনেকটা সমুদ্র সৈকতের মতোই অনুভূতি দেয় দর্শনার্থীদের। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রাইড ও বিনোদন ব্যবস্থা শিশুদের জন্য থিম পার্ক, নাগরদোলা, ট্রেন রাইড, নৌকা ও স্পিডবোট ভ্রমণসহ নানা আয়োজন।
পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো এলাকায় রয়েছে তিন স্তরের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী।
বর্তমানে এই পর্যটন কেন্দ্রে অর্ধশতাধিক স্থায়ী কর্মী কাজ করছেন। পাশাপাশি আরও শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সব মিলিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য, মিঠা পানির বীচ ও আধুনিক বিনোদন ব্যবস্থার সমন্বয়ে মোহনপুর পর্যটন কেন্দ্র এখন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। ঈদের ছুটিতে এটি যেন হয়ে উঠেছে আনন্দ, মিলনমেলা আর উৎসবের এক অনন্য ঠিকানা। ছোট্ট শিশু আদিবা বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে খুশিতে বলে, আমি ট্রেন রাইডে চড়েছি, এখানে অনেক মজা, আমি আবার আসবো।
দর্শনার্থী লিয়াকত হোসাইন তার স্ত্রী রাফিয়া খানম ও ছেলে সাকিবকে নিয়ে ঘুরতে এসে বলেন, ঈদের দিন পরিবার নিয়ে এমন সুন্দর জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে। বাচ্চারা রাইডে চড়ছে, আমরা নদীর পাড়ে সময় কাটাচ্ছি সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।
ঈদের ছুটিতে বাড়ি এসে বন্ধুদের নিয়ে ঘুরতে আসা হাসিবুল ইসলাম শান্ত বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্রটি এখন সত্যিই ‘মিনি কক্সবাজার’। নদীর পাড়ে এমন পরিবেশ, সঙ্গে নানা রাইড সময়টা খুব উপভোগ করছি।
মোহনপুর পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান জানান, ঈদকে সামনে রেখে আমরা বিশেষ প্রস্তুতি নিয়েছি। দর্শনার্থীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিনোদনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের ব্যাপক উপস্থিতি আমাদের জন্য আনন্দের।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঈদ উপলক্ষে পর্যটন এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ টহল জোরদার রয়েছে, যাতে দর্শনার্থীরা নিশ্চিন্তে ঘুরতে পারেন।
মন্তব্য করুন