

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথায় এলাকা থেকে যাত্রীবেশে শান্ত কুমার সাহার অটোরিকশায় ওঠে দুই ছিনতাইকারী। নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা শান্তকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালাতে থাকে ছিনতাইকারীরা।
পরে ডোবা থেকে উঠে ছিনিয়ে নেওয়া অটোরিকশার পেছনে পেছনে চালক শান্তও দৌড়াতে থাকে। তবে হঠাৎ পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
রবিবার (৮ মার্চ) ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত কুমার সাহা (১৫) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে।
পুলিশ ও নিহত চালকের পরিবার জানায়, ফেনী শহর থেকে বালিগাঁওয়ের উদ্দেশে যাত্রী নিয়ে যেত শান্ত কুমার সাহা। রাত আটটার দিকে যাত্রীবেশে ওই ছিনতাইকারী তার অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন পাম্পের সামনে গেলে তাকে ডোবায় ফেলে দেয় ছিনতাইকারীরা। এরপর ছিনিয়ে নেওয়া অটোরিকশার পেছনে দৌড়ানোর সময় রামপুর রাস্তার মাথা এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শান্ত কুমারের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় তার বাবা অটোরিকশাটি বাড়িতে রেখে যান। পরে কিছু বাড়তি আয়ের আশায় শান্ত অটোরিকশাটি নিয়ে ফেনী শহরের দিকে রওনা দেয়। কিন্তু পথেই ছিনতাইকারীদের হাতে পড়ে তাকে নিজের জীবন ও অটোরিকশা দুটোই হারাতে হলো।
মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ওই কিশোরকে চাপা দেওয়া ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে সদর থানার পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
