

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মাটির ঘ্রাণ বুকে নিয়ে বেড়ে ওঠা জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুরের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে আলোচনার কেন্দ্রে।
তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন দৃঢ় প্রত্যয়ে।
জুঁই উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান চীনে। সেখানে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। গ্রামের একজন মেয়ের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জনের এই পথচলা অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় জুঁই জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সংগঠনের কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।
২০২২-২৪ সময়কালে জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে গবেষণা, জরিপ ও নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। বিএনপির গবেষণা শিক্ষানবিশ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ২০১৮ সালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন।
তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রশিক্ষিত ফার্স্ট এইডার হিসেবেও কাজ করেছেন। চীনে অধ্যয়নকালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ তার নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর আস্থাভাজন নেতৃত্ব হিসেবে পরিচিত জেসমিন সুলতানা জুঁই জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে তিনি কারিগরি শিক্ষা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করতে আগ্রহী।
তার মতে, প্রবীণদের পাশাপাশি তরুণদের মনোনয়ন দিলে কাজের ক্ষেত্র আরও প্রসারিত হবে। তরুণ প্রজন্ম সময়োপযোগী তথ্য ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের প্রয়োজন নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
জনসমক্ষে সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা এবং নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষতার সমন্বয়ে জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুরের সংরক্ষিত নারী আসনে আলোচনার এক আশাব্যঞ্জক নাম।
গ্রাম থেকে বিশ্বমঞ্চে তার এই দীর্ঘ পথচলা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পিরোজপুরের নারীদের স্বপ্ন দেখার সাহস জোগায়। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন পিরোজপুরবাসী।
মন্তব্য করুন