

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৭২) মরদেহ ফেরত পাঠিয়েছে দেশটি।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম অবৈধপথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে তার স্ত্রী ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এদিকে মরদেহ সীমান্তে পৌঁছলে তাকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তাজনিত কারণে দ্রুত চেকপোস্ট ত্যাগ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্স।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, নিহতের মরদেহ সীমান্তে পৌঁছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজপত্র দেখে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়।
মন্তব্য করুন