

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের অপরাধে ৫টি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।
আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ৫টি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসন’সহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যারমধ্যে ৪২টি ইটের ভাটা বর্তমানে সচল রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কিছুকিছু ইটের ভাটাকে অর্থদণ্ড এবং বুলডোজার ও স্কেভেটর দিয়ে ভেঙে দেয়া হলেও বন্ধ করা যায়নি।
এদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের অপরাধে ৮টি ইটের ভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তর দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত।
পরোয়ানা জারিকৃত ভাটা মালিকরা হলেন-থানচি উপজেলার MSB ভাটা মালিক যুবলীগনেতাআনিসুর রহমান সুজন, যার মামলা নং- ০৩/২৬, আলীকদম উপজেলার ABM ইটভাটা মালিক আওয়ামীলীগনেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান, মামলা নং-৫/২৬, UBM ইটভাটা মালিক আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, মামলা নং-৪/২৬, FBM ইটভাটা মালিক আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাই শওকত তালুকদার, মামলা নং-২/২৬, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার BBM ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর, ফরিদ আহমদ, মামলা নং-১/২৬।
পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিষ্ট্রেট মো: আনোয়ার হোসেন গ্রেফতারী পরোয়ানার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের জানান, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটা চালানোর অপরাধে দায়ের করা ৫টি মামলায় আদালত মালিকদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে৷
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে৷ ইতিমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরিবেশ আদালতে মামলা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়টি জানা ছিলনা, পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
