শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডলারে ট্রাম্পের ছবি, শত বছর পর মুদ্রায় জীবিত মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

যুক্তরাষ্ট্রের ১ ডলারের মুদ্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পর কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় স্থান পেল।

বুধবার (০২ সেপ্টেম্বর) ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের মুদ্রা বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। খবর বিবিসির।

ইউএস মিন্ট জানিয়েছে, মুদ্রাগুলো সাধারণ লেনদেনে প্রচলনের জন্য ছাড়া হবে না। তবে আইন অনুযায়ী এগুলো বৈধ মুদ্রা হিসেবে ব্যবহার করা যেতে পারে।

মার্কিন ফেডারেল আইনে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রণীত আইনের একটি নকশাসংক্রান্ত বিধান ব্যবহার করে এই নিষেধাজ্ঞা এড়িয়ে ট্রাম্পের ছবি মুদ্রায় যুক্ত করা হয়েছে।

ইউএস মিন্ট জানিয়েছে, ‘ঐতিহাসিক এই জাতীয় মাইলফলক উদ্‌যাপনের জন্য’ মুদ্রাটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি ‘এক প্রজন্মে একবার আসা বার্ষিকীর নকশা’, যা আধুনিক সংগ্রহে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

মুদ্রাগুলোর রং সোনালি হলেও এতে প্রকৃত সোনা নেই। ইউএস মিন্টের তথ্য অনুযায়ী, মুদ্রাগুলোতে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা রয়েছে। বাকি অংশে রয়েছে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল।

এর আগে গত মে মাসে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট ছাপার পরিকল্পনা করছে তার দপ্তর।

তখন বেসেন্ট উল্লেখ করেছিলেন, এর আগে আরেকজন জীবিত মার্কিন প্রেসিডেন্ট দেশটির মুদ্রায় স্থান পেয়েছিলেন। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি অর্ধ-ডলার মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ছিল।

ট্রাম্প প্রশাসন ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে পাস হওয়া ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’-এর কথাও উল্লেখ করেছে। ওই আইনে মুদ্রার পেছনের অংশে (টেইলস সাইড) জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সামনের অংশে (হেডস সাইড) জীবিত ব্যক্তির ছবি ব্যবহারের বিষয়ে আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের ছবি রয়েছে এই সামনের অংশেই।

এ ছাড়া চলতি বছরের মার্চে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, শিগগিরই দেশটির কাগজের মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর ব্যবহার করা হবে। এটিও হবে কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের জন্য প্রথম ঘটনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank