

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গহেরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিকদার ও মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মাতুব্বর গ্রুপের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় শিকদার গ্রুপের মোসলেম শিকদারের ছেলে উচমান শিকদার ও স্থানীয় বিএনপি নেতা খাইরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন পূর্ববিরোধের জের ধরে স্থানীয় এক ইঞ্জিনিয়ারের বাগানের কাছে মাতুব্বর গ্রুপের মিরাজ শিকদারের ওপর অতর্কিত হামলা চালায়। পরে শিকদার গ্রুপের লোকজন মাতুব্বর গ্রুপের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় শিশুসহ মাতুব্বর গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন, মিরাজ শেখ (৫২), মুরাদ শেখ (৫০), ফরহাদ শেখ (৪৮), শিশু আজিম শেখ (১০), রনি শেখ (১৭), সাথী বেগম (৩৬) ও রেজাউল মাতুব্বর (৪৫)।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিকদার গ্রুপের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, মাতুব্বর ও সরদার গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিকদার গ্রুপের আহতরা হলেন, ফরিদ শিকদার (৪৫), রাকিব শিকদার (২৫), সালমান শিকদার (২০), হামিদুল শিকদার (২৪) ও সারোয়ার শিকদার (৬০)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


