

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারতে এবার বড় আকারের বিনিয়োগ করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে প্রতিষ্ঠানটি একটি উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে। পাঁচ বছর মেয়াদে এই প্রকল্পে বিনিয়োগ করা হবে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে এটি হবে গুগলের সবচেয়ে বড় এআই হাব।
কুরিয়ান জানান, প্রকল্পটি পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এটি গুগলের বৈশ্বিক এআই সেন্টার নেটওয়ার্কের অংশ হিসেবে পরিচালিত হবে। বর্তমানে ১২টি দেশে গুগলের এমন সেন্টার রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হবে অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমে। প্রাথমিকভাবে কেন্দ্রটির বিদ্যুৎ সক্ষমতা হবে ১ গিগাওয়াট, যা পরবর্তীতে “একাধিক গিগাওয়াটে” উন্নীত করা হবে।
এর আগে রাজ্য সরকার বিনিয়োগের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছিল। তবে সর্বশেষ হিসাব অনুযায়ী, বিনিয়োগের পরিমাণ আরও বেড়ে ১৫ বিলিয়নে দাঁড়িয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।
চলতি বছর গুগল বিশ্বজুড়ে ডেটা সেন্টার অবকাঠামো উন্নয়নে প্রায় ৮৫ বিলিয়ন ডলার ব্যয় করছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন এআই সেবার বাড়তে থাকা চাহিদা মেটাতে ব্যাপক হারে ডেটা সেন্টার স্থাপন করছে।
ভারতে এরই মধ্যে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো ডেটা সেন্টার স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগ করছে। প্রায় এক বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দেশটি এখন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বিশাল সম্ভাবনাময় বাজারে পরিণত হয়েছে।
এদিকে ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি ও মুকেশ আম্বানিও ডেটা সেন্টার খাতে নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি যেহেতু বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি দাবি করে, তাই হাজারো চিপ একত্রে সংযুক্ত করে চালানো যায় এমন উচ্চক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড ভারতের বাজারকে তাদের অন্যতম কৌশলগত প্রবৃদ্ধির ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। দেশটিতে ইউটিউবের ব্যবহারকারী সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারেও গুগলের আধিপত্য সুদৃঢ়।
তবে এশিয়ার এই বৃহৎ বাজারে ব্যবসা পরিচালনায় কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে গুগল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতিযোগিতা-বিরোধী আইন ভঙ্গের অভিযোগে একাধিক মামলা চলছে, পাশাপাশি ইউটিউবের এআই নীতিমালা নিয়ে বলিউডের এক তারকা দম্পতির দায়ের করা মামলাও আদালতে বিচারাধীন।
সূত্র: বার্তা সংস্থা রয়টার্স
মন্তব্য করুন
