শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শাটডাউন সংকটে ব্যাপক কর্মী ছাঁটাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:৩২ পিএম
যুক্তরাষ্ট্রে শাটডাউন সংকটে ব্যাপক কর্মী ছাঁটাই
expand
যুক্তরাষ্ট্রে শাটডাউন সংকটে ব্যাপক কর্মী ছাঁটাই

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা বা ‘শাটডাউন’-এর জেরে শুরু হয়েছে সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাই।

হোয়াইট হাউস শুক্রবার এক বিবৃতিতে জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে একযোগে ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। তবে ঠিক কতজন চাকরি হারাতে যাচ্ছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার জন্য সরাসরি ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এই সংকট সম্পূর্ণ তাদের নিজের তৈরি পরিস্থিতি। এই ছাঁটাই আসলে ডেমোক্র্যাটদের নীতির ফল।

সরকারি নির্দেশনার পর প্রথম ধাপে ট্রেজারি বিভাগ, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস), শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর নথি অনুযায়ী, এখন পর্যন্ত সাতটি ফেডারেল সংস্থায় প্রায় ৪ হাজার ২০০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে।

এর মধ্যে শুধুমাত্র ট্রেজারি বিভাগেই চাকরি হারিয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন, আর স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে অন্তত ১ হাজার ১০০ কর্মী বরখাস্ত হয়েছেন।

সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রে বলা হয় শাটডাউন। এটি ঘটে যখন কংগ্রেস সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন করতে ব্যর্থ হয়। ফলে বেশিরভাগ সরকারি দপ্তর কার্যত স্থবির হয়ে পড়ে।

বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসন সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে প্রায় তিন লাখ ফেডারেল কর্মীকে সম্ভাব্য ছাঁটাইয়ের তালিকায় রেখেছিল। এখন শাটডাউনের অজুহাতে সেই পদক্ষেপ আরও বিস্তৃত আকারে বাস্তবায়িত হচ্ছে।

হোয়াইট হাউস বলছে, পুরো সংকটের দায় ডেমোক্র্যাটদের ওপর বর্তায়। যদিও রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ, তবু সরকারি তহবিল অনুমোদনের জন্য সিনেটে ডেমোক্র্যাটদের ভোট অপরিহার্য। কিন্তু তারা স্বাস্থ্যবিমা ভর্তুকি বৃদ্ধির দাবিতে অনড় অবস্থানে আছে। ডেমোক্র্যাটদের মতে, এই ভর্তুকি নবায়ন না হলে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় থাকা প্রায় ২ কোটি ৪০ লাখ আমেরিকানের চিকিৎসা ব্যয় মারাত্মকভাবে বেড়ে যাবে।

শাটডাউন এখন টানা দশম দিনে প্রবেশ করেছে। ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব সরকারি সংস্থা ডেমোক্র্যাটদের প্রভাবাধীন, সেগুলোর কর্মীদের আগে ছাঁটাই করা হবে।

এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে ২৮ বিলিয়ন ডলারের অবকাঠামো তহবিল স্থগিত করেছেন নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয় অঙ্গরাজ্যে-যেসব রাজ্যে ডেমোক্র্যাট সমর্থক ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি।

রাজনৈতিক টানাপোড়েন এখন যুক্তরাষ্ট্রে প্রশাসনিক সংকটে রূপ নিয়েছে। সরকারি চাকরিজীবীদের হাজারো পরিবার অনিশ্চয়তায় পড়েছে, আর একে অপরকে দায়ী করছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল।

সূত্র : রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন