বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ভূমিকস্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রাকৃতিক এ দুর্যোগের দ্বিতীয় দিনে এসে ধসে পড়া ভবনের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। খবর এবিসি নিউজ।

সোমবার ভোরে ৭ দশমিক ৪ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশটির পশ্চিমাঞ্চল কেঁপে ওঠে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ক্যালি, কিবদো এবং পেরেইরা শহর। ভূমিকম্পের পর প্রায় ১ হাজার ৬০০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ২ হাজার ৭০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। নিখোঁজদের তথ্যের জন্য স্বজনরা নাগরিকদের পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পোস্ট করছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চোকো প্রদেশ। এটি কলম্বিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত। সেখানকার সামগ্রিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট। এ রাজ্যের রাজধানী কিবদোর স্থানীয় কর্মকর্তা জেনি রিভাস জানিয়েছেন, শহরের সেবা খাত ও যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

মোনিকা সানচেজ নামের এক নারী জানান, তার শহর পেরেইরা অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। ভূমিকম্পে তার কারখানার ভেতরের একটি দেয়াল ধসে পড়েছে। তিনি ও তার ১২ কর্মী কোনোমতে শেষ মুহূর্তে বাইরে বের হতে পেরেছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘এটি খুবই ভয়াবহ ছিল—মনে হচ্ছিল আমাদের চারপাশের পুরো শহরটাই ধসে পড়ছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন