

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নীল চোখের মোহনীয়তায় একসময় বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া পাকিস্তানের ‘চা ওয়ালা’ আরশাদ খান অবশেষে দেশের নাগরিকত্ব ফিরে পেয়েছেন। লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চ তার আবেদন মঞ্জুর করে নাগরিকত্ব পুনর্বহালের নির্দেশ দিলে, বিতাড়িত হওয়ার আশঙ্কা থেকে মুক্তি মেলে এই তরুণের।
দেশটির জাতীয় ডেটাবেজ ও নিবন্ধন কর্তৃপক্ষ (এনএডিআরএ) তার নথিপত্র যাচাই করে সেগুলোকে বৈধ বলে নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
গত বছর পাকিস্তান সরকার অনিবন্ধিত আফগান নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করলে আরশাদ খানের মধ্যেও নাগরিকত্ব হারানোর শঙ্কা দেখা দেয়। ২০১৭ সালে এক টেলিভিশন প্রতিবেদনে তাকে ‘আফগান নাগরিক’ দাবি করা হলে তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ব্লক করে দেয় এনএডিআরএ।
তবে আদালতের নির্দেশে এখন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এনএডিআরএ কর্তৃপক্ষ আদালতের কাছে তাদের যাচাই প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে -আরশাদ খান পাকিস্তানের বৈধ নাগরিক।
রায়ের নথিতে উল্লেখ আছে, আরশাদের পূর্ণ নাম জার খান, তার পিতার নাম বাজ মুহাম্মদ খান। তিনি ১৯৯৯ সালে ইসলামাবাদের শাহ আল্লাহ দিত্তা এলাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তার বাবা ১৯৮৪ সালে পাকিস্তানি পাসপোর্ট পান।
আরশাদের আইনজীবী জানান, নাগরিকত্ব ফিরে পেয়ে তিনি আবারও ইসলামাবাদের সানডে বাজারে চায়ের দোকান খুলে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে চা বিক্রির সময় তার তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাতারাতি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন আরশাদ খান। এরপরই তার জীবন বদলে যায়-বিজ্ঞাপন, ফটোশুট ও টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিয়মিত মুখ হয়ে ওঠেন।
মন্তব্য করুন
