

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নয় মাস পর কারাগারে তার স্ত্রী বুশরা বিবি ও বোনের সঙ্গে দেখা করেছেন। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের পর মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এ সাক্ষাৎ হয়।
কারাগার সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরানের বোন নূরিন নিয়াজি চলতি বছরে প্রথমবার তার সঙ্গে দেখা করেন। কারাগারে তাদের প্রায় ১৫ মিনিট কথা হয়। এ সময় তারা ইমরানের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
নূরিন ইমরানকে সুপ্রিম কোর্টের দেওয়া একটি নির্দেশের বিষয়েও জানান। ওই নির্দেশে চিকিৎসার জন্য ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছে।
তবে ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে দেখা করতে দেওয়া হয়নি। তার দলের রাজনৈতিক নেতাদেরও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে ইমরানের পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত সতর্ক করে দেয়, সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক সুবিধা নেওয়ার কাজে ব্যবহার করা হলে এই সুবিধা প্রত্যাহার করা হতে পারে। এ কারণে সাক্ষাতে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এদিকে একই দিনে কারাগারে থাকা স্ত্রী বুশরা বিবির সঙ্গেও সাক্ষাৎ করেন ইমরান খান। বুশরা বিবিও একই কারাগারে বন্দি রয়েছেন। পরে তিনি তার সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুন্নিসার সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে বুশরার সাক্ষাৎ চলে প্রায় ৪০ মিনিট।
উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি। বিভিন্ন মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছেন। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন তিনি।


