

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরিনা সাকা মীম। সময়ের আবর্তে তার জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন, যার ছাপ স্পষ্ট তার শারীরিক গঠনেও। দীর্ঘদিন পর তাকে প্রথম দেখায় চিনে ওঠাই যেন ভক্ত-অনুরাগীদের জন্য কঠিন হয়ে পড়বে।
প্রায় ১৪ বছর আগে, ২০১২ সালের ৭ ডিসেম্বর ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মীম।
তবে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি ঘটেছে বহু আগেই। সম্পর্কের ইতি টানার প্রায় ৮ বছর পর সম্প্রতি সংগীতশিল্পী পুতুলের এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই বিবাহবিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন তিনি।
সংসার ভাঙার পিছনের গল্প জানাতে গিয়ে মীম বলেন, যেকোনো সাধারণ মেয়ের মতোই সুন্দর একটি জীবনের স্বপ্ন নিয়ে তিনি বিয়ে করেছিলেন। উভয় পক্ষ থেকে চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তা টেকেনি।
মীম আরও জানান, বিয়ের পর শ্বশুরবাড়ির আপত্তির কারণে অভিনয় থেকে সরে দাঁড়ান তিনি। তবে শুধু এটিই কারণ ছিল না, সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন সমস্যাও তৈরি হতে থাকে। শেষ পর্যন্ত সাড়ে ৫ বছর আপ্রাণ চেষ্টা ও অপেক্ষার পর, ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের নথিতে স্বাক্ষর করেন তিনি। বিচ্ছেদের পর দীর্ঘ ৯ বছর কেটে গেলেও নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি কিংবা ঘর বাঁধার সাহস পাননি এই অভিনেত্রী। বিচ্ছেদের দায় একা কাউকে না দিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে তারা হয়তো দুজনই নিজ নিজ জায়গায় দোষী ছিলেন।
শৈশবে সংগীতের মাধ্যমে শোবিজে পদার্পণ করলেও ১৯৯২ সালে বিটিভির নাটকের মাধ্যমে সাবরিনা সাকা মীমের অভিনয়যাত্রা শুরু হয়।
নব্বইয়ের দশকে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে পরবর্তীতে দুর্দান্ত অভিনয়দক্ষতায় নাট্যাঙ্গনে প্রধান চরিত্র হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
প্রায় ১৮ বছর মিডিয়া জগতে সক্রিয় থাকার পর ২০১২ সালে তিনি অভিনয় থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করলেও আর কখনো অভিনয়ে ফেরেননি।


