মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম
ইমরান খান
expand
ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিশ্বকাপজয়ী ও কারাবন্দি সাবেক এই তারক ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য দেশটির সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। একইসঙ্গে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতেও নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, মঙ্গলবার (১৮ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি শহিদ ওয়াহিদ। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি নাঈম আখতার আফগান ও বিচারপতি ইশতিয়াক ইব্রাহিম। ইমরান খানকে হাসপাতালে নেয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ার দাবিতে করা কয়েকটি আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বিচারপতি ওয়াহিদ বলেন, ‘মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে বন্দির স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই আদেশ দিচ্ছি।’

আদালত বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। পাকিস্তানের সংবিধানের ৯ অনুচ্ছেদে জীবন ও চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। এ কারণেই আদালত এই নির্দেশ দিয়েছেন।

এছাড়া ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ওই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডা. উজমা খানকেও যুক্ত রাখতে বলা হয়েছে।

এছাড়া ইমরানের আইনজীবী ও পরিবারের সদস্যদের তার চিকিৎসা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ না করতে এবং বিষয়টি রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের এই নির্দেশের এক দিন আগে ইমরানের স্বাস্থ্য নিয়ে একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয় আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। ২০২৩ সালের আগস্ট থেকে এই কারাগারেই বন্দি রয়েছেন ইমরান।

কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, ইমরান ও তার স্ত্রীকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে এবং তাদের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। চিকিৎসকরা দিনে তিনবার ইমরানকে পরীক্ষা করেন। এ সময় তার খাবার পরীক্ষা করার পাশাপাশি রক্তচাপ, হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা রেকর্ড করা হয়।

তবে প্রতিবেদনের সঙ্গে যুক্ত একটি নথিতে বলা হয়েছে, গত ১ আগস্ট পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) চিকিৎসক ডা. আখতার আলী বান্দেশাহ ইমরানকে পরীক্ষা করেন। এ সময় ইমরান অনিয়ন্ত্রিত ও ওঠানামা করা রক্তচাপ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথাব্যথা ও অস্থিরতার কথা জানান।

ইমরান বলেন, স্ত্রী, পরিবারের সদস্য ও অন্যদের সঙ্গে নিয়মিত দেখা করতে না পারা এবং সংবাদপত্র ও টেলিভিশনের সুযোগ না থাকায় তার মানসিক চাপ ও এসব সমস্যার কিছুটা সৃষ্টি হয়েছে।

আর তাই মানসিক চাপ কমাতে আরও ঘন ঘন স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পড়াশোনার উপকরণ ব্যবহারের সুযোগ দেয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক। একই সঙ্গে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার এবং রক্তচাপের ওষুধের মাত্রা বাড়ানোর পরামর্শ দেয়া হয়। চিকিৎসক জানান, ৭৪ বছর বয়সী এই পিটিআই নেতার জটিলতা দেখা দেয়ার ঝুঁকি রয়েছে।

১০ আগস্ট সুপ্রিম কোর্টকে জানানো হয়, মাথায় ভারী লাগা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার অভিযোগের পর পিআইএমএসের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড ইমরানকে পরীক্ষা করেছে। বোর্ড তাকে প্রতিদিন এক ঘণ্টা হাঁটা ও কারাগারের দৈনন্দিন রুটিনে বিশ্রামের সুযোগ দেয়ার পরামর্শ দেয়। পাশাপাশি সংবাদপত্র, সাময়িকী, টেলিভিশন ও বই পড়ার সুযোগ দেয়ার কথাও বলা হয়।

এছাড়া ইমরানের উদ্বেগ ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পরিবারের সদস্য বা স্ত্রীর সঙ্গে আরও ঘন ঘন দেখা করার সুযোগ দেয়ার পরামর্শও দেয় মেডিকেল বোর্ড। প্রতিবেদনে ইমরানের চোখের চিকিৎসার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদের পিআইএমএসে চিকিৎসার পর বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের হস্তক্ষেপে তার দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে বলে জানানো হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) ধরা পড়ার পর চোখের চিকিৎসার জন্য ইমরানকে একাধিকবার পিআইএমএসে নেয়া হয়।

এদিকে ইমরানের চিকিৎসা নিয়ে পিটিআই ও সরকারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। সরকার অভিযোগ করছে, ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে পিটিআই স্বচ্ছতা দেখাচ্ছে না।

অন্যদিকে বিরোধী দলটি ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া, তার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসা দেয়া এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি জানিয়ে আসছে।

এর আগে গত মে মাসে ইমরান সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেখানে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া, ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ এবং তার চিকিৎসাসংক্রান্ত তথ্য পরিবারের কাছে দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank