

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের সঙ্গে মে মাসে সংঘটিত সীমান্ত উত্তেজনার সময় অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের জন্য পাকিস্তান সেনাবাহিনীর ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
লাহোরে মুখ্যমন্ত্রীর বাসভবনে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার কোর্স ২০২৬-এর অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের জাতি সশস্ত্র বাহিনীর ত্যাগ ও সাহসিকতার কাছে চিরঋণী।
মরিয়ম বলেন, অপারেশন বুনিয়ান-উম-মারসুস অভিযানের সফলতার মধ্য দিয়ে পাকিস্তান এখন একটি গর্বিত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের যুদ্ধকালীন দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় দেশের স্থিতিশীলতা ও উন্নয়নকে জাতীয় নিরাপত্তার মূল শর্ত হিসেবে উল্লেখ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
তার ভাষায়, অভ্যন্তরীণ দুর্বলতা যেকোনো দেশের সবচেয়ে বড় হুমকি। বাইরের শত্রু না থাকলেও ভেতরের বিভাজন জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার উদাহরণ টেনে তিনি বলেন, একটি রাষ্ট্রের পতন শুরু হয় অভ্যন্তরীণ সংঘাত থেকেই-আমাদের তা থেকে শিক্ষা নিতে হবে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন মরিয়ম নওয়াজ। তিনি জানান, তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, দুর্গতদের জন্য খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যা ও ভারী বৃষ্টিতে সারা দেশে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অবকাঠামো ও কৃষি খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭১ বিলিয়ন রুপি।
মন্তব্য করুন
