বৃহস্পতিবার
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয় ও পাশের আবাসিক এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল এবং এর আশপাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ঘটনাস্থল থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় প্রায় ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত দু’জন এখনো চিকিৎসাধীন রয়েছেন, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন। তবে তার পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া স্কুলের কাছাকাছি একটি বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এ ঘটনাও মূল হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে। সম্ভাব্য অন্য কোনো হতাহত আছে কি না, তা নিশ্চিত হতে আশপাশের আবাসিক এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়।

হামলার পর পুরো এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, যা স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে আরসিএমপি।

টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুল কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পুলিশ পুরো ঘটনার কারণ ও পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X