

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কো ইয়ানসেনের বলটি স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কায় পাঠাতেই বদলে গেল টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বই। কাইরন পোলার্ডকে ছাড়িয়ে এবার সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন ইংল্যান্ডের জস বাটলার।
বুধবার (৫ আগস্ট) দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে নেমে রেকর্ডটি গড়েন বাটলার। মাত্র ২০ বলে ২টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার দলও পেয়েছে ৯ উইকেটের বড় জয়।
ম্যাচের আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪ হাজার ৮০৩ রানের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের পোলার্ডের। তাকে পেছনে ফেলে বাটলারের সংগ্রহ এখন ৫২২ ম্যাচে ১৪ হাজার ৮৩৩ রান। এই সংস্করণে তার রয়েছে ৯টি শতক ও ১০৫টি অর্ধশতক।
রেকর্ডটি গড়তে পোলার্ডের চেয়ে ২২৪ ম্যাচ কম খেলেছেন বাটলার। পোলার্ডের ১৪ হাজার ৮০৩ রান এসেছে ৭৪৬ ম্যাচে। তালিকার তৃতীয় স্থানে থাকা আরেক ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের সংগ্রহ ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান।
এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমে ব্যাট করে ১০০ বলে ৪ উইকেটে ১৫৫ রান তোলে ওয়েলশ ফায়ার। ম্যাথু শর্ট ৭১ ও ফিল সল্ট করেন ৪৮ রান। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ১২৫ রান। ম্যানচেস্টারের হয়ে ১২ রানে ২ উইকেট নেন গাস অ্যাটকিনসন।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যানচেস্টার। পল ওয়াল্টার ফেরার পর টিম সেইফার্টের সঙ্গে জুটি বাঁধেন বাটলার। ইয়ানসেনকে টানা তিনটি ছক্কা মারার পথে প্রথমটিতেই পোলার্ডের রেকর্ড পেরিয়ে যান ইংলিশ তারকা। পরে লকি ফার্গুসনকে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন তিনি।
সেইফার্ট অপরাজিত থাকেন ৬২ রানে। মাত্র ৬৯ বলেই ১ উইকেটে ১৬১ রান তুলে জয় পায় ম্যানচেস্টার। টানা তিন ম্যাচে হারের পর এই জয়ে ঘুরে দাঁড়াল দলটি, আর একই রাতে টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে নিজের নামটি সবার ওপরে তুলে দিলেন বাটলার।