বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: প্রাণ গেল অন্তত ৫৩ অভিবাসীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লিবিয়ার উপকূলে অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কেবল দুই নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তারা দু’জনই নাইজেরিয়ার নাগরিক এবং লিবিয়ার কর্তৃপক্ষ শুক্রবার তাদের উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছে।

আইওএমের তথ্যমতে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন, যারা ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করেছিলেন।

স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করে।

যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটি ডুবে যায়। পরে শুক্রবার ভোরে জুওয়ারা উপকূলের উত্তরের দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া দুই নারীর একজন জানিয়েছেন, দুর্ঘটনায় তিনি তার স্বামীকে হারিয়েছেন। অন্যজনের দুই শিশুও এই নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে। উদ্ধারকারীরা তাদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন।

আইওএম জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

এছাড়া শুধু জানুয়ারি মাসেই বৈরী আবহাওয়ার মধ্যে বিভিন্ন নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জন প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ২০১১ সালে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান প্রস্থানকেন্দ্রে পরিণত হয়েছে।

উন্নত জীবনের আশায় বিপজ্জনক এই সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে প্রতিবছরই অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X