শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমেরিকা-ইসরাইলের হাতে ৩০ লাখ মুসলমানের প্রাণহানি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম
expand
‘আমেরিকা-ইসরাইলের হাতে ৩০ লাখ মুসলমানের প্রাণহানি’

গত দুই দশকে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্রদের হাতে অন্তত ৩০ লাখ নিরপরাধ মুসলমান নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি।

তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে আয়োজিত ‘শহীদ স্মরণ সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন। সপ্তাহব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রদেশে বিক্ষোভ, সমাবেশ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো নানা কর্মসূচি চলছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ।

আল-হুথি তাঁর বক্তব্যে বলেন, “যে জাতি আল্লাহর পথে জিহাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যায়, সেই জাতি কখনো পরাজিত হয় না। শাহাদাতই আমাদের জন্য গৌরবের প্রতীক এবং অপমান ও ধ্বংস থেকে রক্ষার শক্তিশালী ঢাল।”

ইসলামী ইতিহাসের উদাহন টেনে তিনি বলেন, মুসলিম জাতি প্রাচীন যুগ থেকে উপনিবেশিক সময় পর্যন্ত এবং বর্তমান বিশ্বেও নানা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। “আমেরিকা নিজেই স্বীকার করেছে যে গত ২০ বছরে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই মুসলমান,”—যোগ করেন তিনি।

হুথি নেতা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যের জনগণকে দাসে পরিণত করতে চায়। তারা মুসলিম দেশগুলোতে হামলা চালিয়েছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবং স্থানীয় জনগণকে ব্যবহার করেছে রাজনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার হিসেবে।

গাজায় ইসরাইলের আগ্রাসন প্রসঙ্গে আল-হুথি বলেন, “শত্রুরা ক্ষুধা ও অস্ত্রের ভয় দেখিয়ে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করাতে চেয়েছে, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “এই শক্তিগুলোর মধ্যে কোনো মানবতা নেই। নিজেদের স্বার্থে তারা নির্দ্বিধায় অন্যায়ের পথে হাঁটে, নিরপরাধ মানুষ হত্যা করতেও পিছপা হয় না।”

আল-হুথি তাঁর বক্তব্যের শেষাংশে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মুসলিম উম্মাহর শক্তিই একমাত্র প্রতিরক্ষা, যা দমন-নিপীড়নের বিরুদ্ধে টিকে থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন