বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম
ছবি : সংগৃহীত।
expand

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তাঁর এক পুত্রবধূর সব রাজকীয় সম্মান ও উপাধি কেড়ে নিয়েছেন। ৩৩ বছর বয়সী ওই পুত্রবধূর নাম পেঙ্গিরান রাবিয়াতুল আদাবিয়া। রাজপরিবারের মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ ‘অশোভন’ আচরণ এবং ৮০ বছর বয়সী সুলতানকে অসম্মান করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে পেঙ্গিরান ঠিক কী ধরনের আচরণ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজপ্রাসাদ থেকে সুলতানের নির্দেশে দেওয়া ঘোষণায় শুধু বলা হয়েছে, রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।

২০১৫ সালে ব্রুনাইয়ের রাজপুত্র আবদুল মালিককে বিয়ে করেন পেঙ্গিরান। তাদের বিয়ের আয়োজন চলে টানা ১০ দিন ধরে। এই দম্পতির চার মেয়ে রয়েছে। রাজপ্রাসাদ জানিয়েছে, পেঙ্গিরানের রাজকীয় উপাধি বাতিল করা হলেও তার চার মেয়ের রাজকীয় মর্যাদা ও উপাধি বহাল থাকবে।

মালয়েশিয়ার পাশে অবস্থিত ব্রুনাই আয়তনে ছোট হলেও তেল ও গ্যাসসম্পদে সমৃদ্ধ একটি দেশ। ১৯৮৪ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে দেশটির সুলতান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন হাসানাল বলকিয়াহ। দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা বিশ্বের অন্যতম প্রবীণ শাসক তিনি।

এর আগে সমকামী সম্পর্ক ও ব্যভিচারের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন হাসানাল বলকিয়াহ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে জর্জ ক্লুনিসহ বিভিন্ন আন্তর্জাতিক তারকাও সোচ্চার হয়েছিলেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank