

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ ইরানের কেশম দ্বীপে বড় ধরণের বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় মার্কিন বাহিনী দ্বীপটিতে ২ হাজার পাউন্ড (প্রায় ৯০০ কেজি) ওজনের একটি বোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
সোমবার (০৩ আগস্ট) জেরুজালেম পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় ইরানি এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী ছেলে নিহত হয়েছে। তবে পরিবারের অপর দুই সন্তান প্রাণে বেঁচে গেছে।
ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সবচেয়ে বড় বোমাগুলোর একটি ব্যবহার করা হয়েছে।
অস্ত্র বিশেষজ্ঞরা হামলার স্থানে সৃষ্ট গর্তের আকার এবং উদ্ধার হওয়া গোলাবারুদের অংশবিশেষ পরীক্ষা করে ধারণা করছেন, সেখানে মার্ক-৮৪ বোমা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার সময় ও স্থান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তথ্যের সঙ্গে মিলে যায়।
দ্য জেরুজালেম পোস্টকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইরানে চালানো যুক্তরাষ্ট্রের এ হামলার পরিসর আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।
ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলার কারণে আশপাশের অন্তত ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের গর্ত থেকে প্রায় ২০০ ফুট দূর পর্যন্ত ধ্বংসাবশেষ ছিটকে গেছে।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এ হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তারা খতিয়ে দেখছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কী ধরনের সতর্কতা নেওয়া হয়েছিল এসব বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘আমরা এসব প্রতিবেদনের বিষয়ে অবগত এবং বিষয়টি তদন্ত করছি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনোই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।’
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট