

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলের বিশাল এক অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। সম্প্রতি প্রকাশিত এক মানচিত্রে আমিরাতের উপকূলসংলগ্ন বিস্তীর্ণ সমুদ্রাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে দেশটি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন মানচিত্রে লাল রেখা দিয়ে যে এলাকা চিহ্নিত করা হয়েছে, তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ছাড়িয়ে আমিরাতের উপকূলের দীর্ঘ অংশজুড়ে বিস্তৃত। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।
ইরানের দাবিকৃত অঞ্চলের মধ্যে আমিরাতের ফুজাইরা বন্দর ও খোরফাক্কান বন্দর অন্তর্ভুক্ত রয়েছে। ওমান উপসাগর তীরবর্তী এই বন্দরগুলো হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিকল্প পথ হিসেবে ব্যবহার করে আসছে আমিরাত।
বিশেষজ্ঞদের মতে, ফুজাইরা বন্দরটি কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইন-এর শেষপ্রান্তে অবস্থিত। এই পাইপলাইনের মাধ্যমে দেশের অভ্যন্তর থেকে সরাসরি তেল বন্দরে পৌঁছায়, ফলে সংকটকালেও রপ্তানি কার্যক্রম চালু রাখা সম্ভব হয়।
বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যদি এসব বন্দরের প্রবেশপথে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তা আমিরাতের ওপর এক ধরনের নৌ অবরোধ তৈরি করতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
মন্তব্য করুন
