শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হামাসের অস্ত্র সমর্পণের খবর মিথ্যা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম
expand
‘হামাসের অস্ত্র সমর্পণের খবর মিথ্যা’

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণের বিষয়ে তারা কোনো চুক্তিতে পৌঁছায়নি।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে, সেটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে তারা।

রোববার (৫ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

কিছু গণমাধ্যমে দাবি করা হয়—হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রণীত গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে এবং মিশর-ফিলিস্তিনি প্রশাসনের কাছে অস্ত্র হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

সংগঠনটির সিনিয়র নেতা মাহমুদ মারদাউই স্পষ্টভাবে এ খবর অস্বীকার করেন। এক বিবৃতিতে তিনি বলেন,

“যুদ্ধবিরতি প্রক্রিয়া কিংবা অস্ত্র হস্তান্তর—এই বিষয়ে হামাসের অবস্থান নিয়ে যে অভিযোগগুলো ছড়ানো হয়েছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট। আমাদের অবস্থান বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও আহ্বান জানান—যাচাই না করে যেন কোনো তথ্য প্রকাশ না করা হয় এবং কেবল বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করা উচিত।

এর আগে ২৯ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত বন্ধে একটি ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন। প্রস্তাবে ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, গাজা পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। হামাস ওই পরিকল্পনার অনেক বিষয় নীতিগতভাবে মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও নিরস্ত্রীকরণ বা অস্ত্র সমর্পণ প্রসঙ্গে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। পরবর্তী আলোচনা মিশরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন