শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৬৫ হাজার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
expand
গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৬৫ হাজার

ইসরাইলি বাহিনীর অব্যাহত অভিযানে গাজায় প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ একদিনে আরও ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজারের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। বাস্তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকাজ সরঞ্জাম ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনারা। সেই সময় থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার মানুষ। শুধুমাত্র গত পাঁচ মাসেই নিহত হয়েছেন ১২ হাজারের বেশি এবং আহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গাজার মানুষ খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গেলেও নিরাপদ নন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মে থেকে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এ ধরনের ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২,৫০৪ জন এবং আহত হয়েছেন ১৮,৩৪৮ জন। বুধবারও এমন হামলায় সাতজন প্রাণ হারান।

অবরোধ ও সীমিত সরবরাহের কারণে গাজায় তীব্র খাদ্যসংকট তৈরি হয়েছে। বুধবার কেবল খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন আরও চারজন। গত প্রায় দুই বছরে ক্ষুধা ও অপুষ্টির কারণে সেখানে মারা গেছেন ৪৩২ জন, যাদের মধ্যে ১৪৬ জন শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল বারবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন