সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা প্রায়ই নানা ধরনের অভিনব কৌশল নেন। তবে সবজি বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্যশিল্পী এনে নাচানোর ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। এমনই এক অভিনব প্রচারণার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি সবজির দোকানের সামনে শাড়ি পরা এক তরুণী বলিউড সিনেমা ‘রা ওয়ান’-এর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’র তালে নাচছেন। তার পেছনে সারি করে রাখা রয়েছে আলু ও পেঁয়াজের বস্তা।

দোকানের ভেতরে বসে ওই নাচ উপভোগ করতে দেখা যায় সবজি বিক্রেতাকে। কখনো তিনি হাসছেন, আবার কখনো হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দোকানের সামনে ভিড় করেন পথচারী ও ক্রেতারাও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং সবজি বিক্রি বাড়ানোর লক্ষ্যেই চেন্নাইয়ের ওই আলু-পেঁয়াজ বিক্রেতা এমন উদ্যোগ নেন। পরে নাচের সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন বলে জানা গেছে। অভিনব এই বিপণন কৌশল নিয়ে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই ব্যবসায়ীর ‘আউট অব দ্য বক্স’ উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ক্রেতাদের আকৃষ্ট করতে এর চেয়ে অভিনব প্রচারণা আর কী হতে পারে!

তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। তাদের মতে, ব্যবসা বাড়ানোর জন্য এমন আয়োজন কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সব মিলিয়ে, সাধারণ একটি আলুর দোকানের সামনে নৃত্যশিল্পীর পারফরম্যান্স এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। আর অভিনব এই প্রচারণা আদৌ আলু-পেঁয়াজের বিক্রি কতটা বাড়িয়েছে, সেটিই এখন কৌতূহলের বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank