

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের আসাম রাজ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে।
বুধবার (১৫ অক্টোবর) বাকসা জেলায় তার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের আদালতে হাজির করার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদালত প্রাঙ্গণে ‘জাস্টিস ফর জুবিন’ স্লোগানে বিক্ষোভে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। তারা অভিযুক্তদের বহনকারী পুলিশের কনভয়ের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরে একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ জানায়, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে ওই দিন জেলা কারাগারে নেওয়া হচ্ছিল। তাদের মধ্যে ছিলেন ইভেন্ট আয়োজক শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আত্মীয় ও বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা সন্দীপন গর্গ, এবং দুই নিরাপত্তা কর্মকর্তা-নন্দেশ্বর বোরাসহ আরেকজন। আদালতের নির্দেশে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অভিযুক্তদের বহনকারী গাড়ি কারাগারের সামনে পৌঁছালে উত্তেজিত জনতা বাধা দেয়। শতাধিক বিক্ষোভকারী তখন পুলিশের দিকে পাথর ছুড়ে, এতে অন্তত তিনটি গাড়ি ভাঙচুর হয়। একপর্যায়ে একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, পরে আকাশে গুলি ছোড়ে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা পিছু হটলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে আদালত ও কারাগার এলাকা ঘিরে কড়া নিরাপত্তা জারি রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে ধরা হলেও পরে তার স্ত্রী গারিমা ও ভক্তরা দাবি করেন—এটি পরিকল্পিত হত্যা হতে পারে।
মন্তব্য করুন
