বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অবস্থান জানাল বিজয়ের দল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ভারতে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেছে তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন দলটি বলেছে, তারা শুধু পরীক্ষায় অনিয়মের বিরোধিতা করছে না; বরং নিট ব্যবস্থারই অবসান চায়।

মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে টিভিকে জানায়, চিকিৎসাশিক্ষায় ভর্তি নির্ধারণে জাতীয় পর্যায়ের এই পরীক্ষার পরিবর্তে বিকল্প ব্যবস্থা চালুর পক্ষে তারা ‘অটল ও আপসহীন’ অবস্থানে রয়েছে।

দলটির দাবি, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা (কনকারেন্ট লিস্ট) থেকে সরিয়ে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এতে রাজ্য সরকারগুলো শিক্ষা ও চিকিৎসাশিক্ষা–সংক্রান্ত বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।

টিভিকে আরও বলেছে, যদি সাংবিধানিক বা আইনগত কারণে তাৎক্ষণিকভাবে এ পরিবর্তন সম্ভব না হয়, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বিশেষ একটি সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা খাতে রাজ্যগুলোর ক্ষমতা বাড়ানো যেতে পারে।

বিবৃতিতে দলটি দাবি করেছে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসাশিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যগুলোর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

একই সঙ্গে নাম উল্লেখ না করেই প্রধান বিরোধী দল ডিএমকের সমালোচনা করেছে টিভিকে। তাদের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে জনগণের প্রত্যাশা তৈরি করে পরে তা বাস্তবায়ন না করার রাজনীতি থেকে সরে আসা উচিত।

উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে।

এ ছাড়া অন্যের আন্দোলন বা উদ্যোগের কৃতিত্ব নেওয়ার সংস্কৃতিরও সমালোচনা করেছে দলটি। তাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে টিভিকেকে লক্ষ্য করে এ ধরনের প্রচার বন্ধ হওয়া প্রয়োজন।

এদিকে নিটবিরোধী আন্দোলন ঘিরে তামিলনাড়ুতেও উত্তেজনা অব্যাহত রয়েছে। এ ইস্যুতে প্রতিবাদ জানাতে গিয়ে চেন্নাইয়ে তামিলনাড়ু সচিবালয়ের সামনে স্লোগান দেওয়ার পর র‌্যাপশিল্পী ‘থেরুক্কুরাল’ আরিভুকে পুলিশ আটক করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন