

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের ছত্তীসগড় রাজ্যের রায়পুর জেলার আবনপুর এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে একটি বিড়ি না দেওয়াকে কেন্দ্র করে এক তরুণকে খুন করা হয়। ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
নিহত যুবকের নাম সোনু পাল (২৬)। গত সপ্তাহে তার মরদেহ পাওয়া যায় গোদা পুলের কাছে একটি নালায় ভাসমান অবস্থায়। পুলিশ জানায়, এটি প্রথমে ‘ব্লাইন্ড মার্ডার’ বা রহস্যজনক হত্যা হিসেবে দেখা দেয়।
গ্রেফতার তিন অভিযুক্ত হলেন, সুমিত বান্দে (২৬), অজয় রাতরে (২৪) এবং গুলশান গায়কোয়াড় (২৬)। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার স্থানীয়রা নালায় মরদেহটি দেখতে পেয়ে খবর দেয়। নিহতের মাথা ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হয়, ভোঁতা কোনো বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে।
তদন্তে উঠে আসে, হত্যার আগের রাতে সোনু পাল স্থানীয় একটি মদের দোকানের সামনে মদ্যপান করছিলেন। সে সময় তিন অভিযুক্তের সঙ্গে তার দেখা হয়। কথোপকথনের একপর্যায়ে সোনু তাদের কাছে বিড়ি চান, কিন্তু তারা দিতে রাজি হননি। সেখান থেকেই শুরু হয় বাকবিতণ্ডা।
একপর্যায়ে তিনজন মাদক দেওয়ার প্রলোভন দেখিয়ে সোনুকে গোদা পুলের কাছে ডেকে নিয়ে যায়। সেখানে তারা তাকে বেধড়ক মারধর করে, প্রথমে ঘুসি ও ধাতব ব্রেসলেট দিয়ে আঘাত করে, পরে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে এবং মরদেহ নালায় ফেলে দেয়।
রায়পুরের এসএসপি ড. লাল উমেদ সিং বলেন, মাত্র একটি বিড়ি নিয়ে শুরু হওয়া ঝগড়া শেষ হয়েছে হত্যাকাণ্ডে। ঘটনাটি প্রমাণ করে, তুচ্ছ বিষয়ও কীভাবে ভয়াবহ সহিংসতায় রূপ নিতে পারে।
পুলিশের মতে, নিহতের সঙ্গে অভিযুক্তদের কোনো পূর্বশত্রুতা ছিল না। এটি ছিল সম্পূর্ণ তাৎক্ষণিক ও অযৌক্তিক হত্যাকাণ্ড।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন
