শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের আসামের জোরহাটে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) এএন-৩২ পরিবহন বিমানটি শনিবার সকালে বিধ্বস্ত হয়। এ সময় এটিতে আগুন ধরে যায়।

প্রাথমিক অবস্থায় হতাহতের তথ্য জানা যায়নি। পরবর্তীতে দেশটির বিমানবাহিনী নিহতের খবর ও তাদের পরিচয় জানায়।

ভারতীয় বিমানবাহিনী এক্সে এক পোস্টে বলেছে, “আসামের জোর হাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় পাঁচজন দায়িত্বরত কর্মকর্তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী।”

“দেশ সেবায় জীবন উৎসর্গকারী এই বীর সেনানীরা হলেন— স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জীতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।”

এএন-৩২ ভারতের বিমানবাহিনীর প্রধান ভরসা বা ওয়ার্কহর্স হিসেবে পরিচিত। এটি মূলত ভারতের বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।

এএন-৩২ বিমান প্রতিকূল পরিবেশে, বিশেষ করে অত্যন্ত উঁচু বিমানঘাঁটি এবং উষ্ণ ক্রান্তীয় আবহাওয়ায় উড্ডয়ন করতে পারে। এটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। দুর্গম এলাকায় রসদ সরবরাহের জন্য এ ধরনের বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে গত মার্চে আসামের কার্বি আংলং জেলায় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় বিমানের দুজন পাইলট নিহত হয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন