

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের উত্তরাখণ্ডের ঋষিকেশে সুন্দরী প্রতিযোগিতার মহড়ায় পোশাক নিয়ে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। ছোট পোশাক পরে রিহার্সেলে অংশ নেওয়ায় কয়েকজন নারী মডেলকে প্রকাশ্যে তিরস্কার করেছেন এক রাজনৈতিক সংগঠনের কর্মীরা। স্থানীয় গণমাধ্যম ও এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ‘মিস ঋষিকেশ’ নামের প্রতিযোগিতার অডিশন চলছিল গত শুক্রবার। অনুষ্ঠানটি আয়োজন করেছিল লায়ন্স ক্লাব ঋষিকেশ। সে সময় ‘হিন্দু শক্তি সংগঠন’ নামে একটি স্থানীয় সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সেখানে হাজির হয়ে আয়োজকদের সঙ্গে তর্কে জড়ান।
সংগঠনটির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র ভাটনগর ওই ঘটনায় নেতৃত্ব দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি রিহার্সেল চলাকালীন মডেলদের উদ্দেশে বলেন, মডেলিং শেষ, এখন বাড়ি চলে যান। ঋষিকেশের সংস্কৃতি নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়।
তিনি মডেলদের পরিধেয় ‘পশ্চিমা ধাঁচের পোশাক’ নিয়ে তীব্র আপত্তি জানান।
এর জবাবে এক নারী মডেল দৃঢ় কণ্ঠে পাল্টা বলেন, আপনার যদি ছোট পোশাক ভালো না লাগে, তাহলে যেসব দোকানে এসব বিক্রি হয়, আগে সেগুলো বন্ধ করুন। আমাদের পোশাক নিয়ে নির্দেশ দেওয়ার অধিকার আপনার নেই।
এই মন্তব্যে উত্তেজনা বেড়ে যায়। রাঘবেন্দ্র পাল্টা বলেন, আপনারা চাইলে এখানে থাকুন, কিন্তু আমি শো বন্ধ করে দেব। এভাবে আপনারা উত্তরাখণ্ডের সংস্কৃতি ধ্বংস করছেন।
তর্কের একপর্যায়ে অডিশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে আয়োজক সংস্থার সভাপতি পঙ্কজ চন্দনি ওই মডেলদের পাশে দাঁড়িয়ে বলেন, ওরা প্রাপ্তবয়স্ক। নিজেদের মতো করে পোশাক পরার অধিকার তাদের আছে। কেউ জোর করে সংস্কৃতি শেখাতে পারে না।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ রাঘবেন্দ্র ভাটনগরের বক্তব্যকে সমর্থন করলেও, অনেকেই এটিকে নারীর ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনা করছেন।
মন্তব্য করুন
